বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের মাত্র পাঁচ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, এই সিদ্ধান্ত শিক্ষকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে সরকার তাদের সঙ্গে অবিচার করেছে।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে জড়ো হন। তাদের হাতে ছিল ব্যানার, পোস্টার ও দাবি আদায়ের স্লোগান। নতুন কর্মসূচি হিসেবে আজ দুপুর বারোটায় শিক্ষা ভবন অভিমুখে “ভুখা মিছিল” করার ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষকরা জানিয়েছেন, তাদের ন্যূনতম দাবি ছিল বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা। কিন্তু সরকারের পক্ষ থেকে কেবলমাত্র পাঁচ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করায় তারা হতাশ ও ক্ষুব্ধ।
এর আগে অর্থ বিভাগের উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষর করা এক অফিস আদেশে জানানো হয়, ছয়টি শর্তসাপেক্ষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে, সর্বনিম্ন দুই হাজার টাকা করে প্রদান করা হবে। এই আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।
তবে শিক্ষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এই প্রজ্ঞাপন অসম্পূর্ণ ও অসম।” তারা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান, অনশন ও বিক্ষোভ অব্যাহত থাকবে। আন্দোলনকারীরা আরও বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।