ইরফান উল্লাহ, ইবি
এবার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসন্ন বিজেএস পরীক্ষায় পরিবহন সুবিধার দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। রবিবার (১২ অক্টোবর) সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুব আলীর এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, “৪৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস থেকে ঢাকায় যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পরিবহন সুবিধা দিয়েছে তা প্রশংসনীয়। আমরা আশা করি, আগামী ১ নভেম্বর অনুষ্ঠিতব্য বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) পরীক্ষায় অংশগ্রহণকারী ইবিয়ান শিক্ষার্থীদের জন্যও একই ধরনের পরিবহন সুবিধা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণার্থে আরো চমৎকার পদক্ষেপ গ্রহণ করবে।”
তারা আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীবান্ধব এই উদ্যোগ প্রশাসনের দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। এই পৃষ্ঠপোষকতা শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে অনুপ্রেরণা জোগাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে পরিবহন সহযোগিতা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব আরও পদক্ষেপ গ্রহণ করবে।”
বিবৃতিতে তারা ৪৯তম বিসিএসসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইবিয়ান শিক্ষার্থীদের সাফল্যের জন্য শুভকামনাও জানান।
উল্লেখ্য, গত ১০ই অক্টোবর অনুষ্ঠিত ৪৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পৃষ্ঠপোষকতায় সংগঠনটি বিনামূল্যে বাস সার্ভিসসহ সার্বিক সহযোগিতার ব্যবস্থা করে। এ উদ্যোগে সংগঠনটির “পরিবহন সহযোগিতা বুথ” থেকে পরীক্ষার্থীরা ফ্রি টিকিট সংগ্রহ করেন।