হাবিবুর রহমান সাগর , জাবি
ফ্রিডম ফ্লোটিলা নৌযান থেকে অপহৃত বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দখলদার ইসরাইলি বাহিনী দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে গণহত্যা ও অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ মানুষের জন্য বিশ্বের বিভিন্ন দেশের কর্মীরা যখন ‘ফ্রিডম ফ্লোটিলা’র মাধ্যমে মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিলেন, তখন ইসরাইলি বাহিনী সেই নৌযান আটক করে। ওই নৌযানে বাংলাদেশের গর্ব শহিদুল আলমও ছিলেন-যাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখনও তার কোনো খোঁজ মেলেনি।
বক্তারা অবিলম্বে শহিদুল আলমকে মুক্ত করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, “সাত দশকেরও বেশি সময় ধরে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে আসছে। গাজায় মানবিক সহায়তা মিশনে অংশ নেওয়া ফ্রিডম ফ্লোটিলা থেকে বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেপ্তার ও অপহরণ করা হয়েছে, যার কোনো সন্ধান নেই। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার মুক্তির দাবিতে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি। সরকার যেন কূটনৈতিক প্রক্রিয়ায় দ্রুত শহিদুল আলমকে নিরাপদে দেশে ফিরিয়ে আনে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “শহিদুল আলমের মুক্তি চাই”, “ইসরাইলি আগ্রাসন বন্ধ করো” ইত্যাদি স্লোগান দেন
এবং তার দ্রুত মুক্তি কামনা করেন।