রোকনুজ্জামান, জবি প্রতিনিধি
সারা বিশ্বের সাথে একাত্ম হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নানা আয়োজনে পালিত হয়েছে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে ২০২৫।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফার্মেসী বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে আয়োজিত র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ফার্মেসী বিভাগের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ বছরের প্রতিপাদ্য ছিল “Think Health, Think Pharmacist”।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ সামাদ মৃধা এবং রোশ বাংলাদেশ লি. এর হেড অব ইন্ট্রেগ্রেটেড স্ট্র্যাটেজি মোঃ ওয়াহিদুজ জামান।
আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “সফল ক্যারিয়ার গড়তে সংগ্রামের পাশাপাশি দক্ষতা ও যোগ্যতা অর্জন অপরিহার্য। শিক্ষার্থীদের শুধু মানুষের সঙ্গে নয়, প্রযুক্তির সাথেও প্রতিযোগিতা করতে হবে। তবে দক্ষ মানবসম্পদের গুরুত্ব সবসময় অটুট থাকবে।”
তিনি আরও উল্লেখ করেন, সীমিত অবকাঠামোগত সুবিধা নিয়েও শিক্ষার্থীরা ইতোমধ্যে সাফল্য দেখিয়েছে। ভবিষ্যতে তারা প্রতিকূলতা অতিক্রম করে দেশের জন্য দক্ষ ফার্মাসিস্ট হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে পালিত হয়ে আসছে, যা ফার্মেসি পেশাজীবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি পেশাটির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখছে।