রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে ২ দিনব্যাপী ফল ও পিঠা উৎসব।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। আগামীকাল (২২ সেপ্টেম্বর) একই সময়ে ও একই স্থানে দ্বিতীয় দিনের আয়োজন অনুষ্ঠিত হবে।
উৎসবে শিক্ষার্থীদের জন্য পরিবেশন করা হয় দুই ধরনের ঐতিহ্যবাহী পিঠা এবং মাল্টা, আনারসসহ মোট পাঁচ প্রজাতির মৌসুমি ফল। আয়োজকদের দেওয়া তথ্যমতে, প্রায় তিন হাজার শিক্ষার্থী উৎসবে অংশগ্রহণ করে আনন্দ ভাগাভাগি করেছেন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহিনুর আক্তার মীম বলেন, “ফল আর পিঠা দুটোই অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর ছিল। আমি বন্ধুদের সঙ্গে এসেছিলাম, সবাই খুব উপভোগ করেছি। এমন উৎসব আরও হওয়া উচিত।”
মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পিয়াল হাসান বলেন, “ক্যাম্পাসে এভাবে সবাই একসঙ্গে মিলে কিছু সময় আনন্দ ভাগ করে নেওয়া খুব ভালো লাগার বিষয়। ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, তারা যে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছে, এটা তার প্রমাণ।”
আয়োজক রিয়াসাল রাকিব বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদলের নানা পরিকল্পনা ছিল। তারই অংশ হিসেবে এই ফল ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা দারুণ সাড়া দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে সবাই আনন্দ করেছে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে এবং তাদের কল্যাণে কাজ করে যাবে।”