রাজনীতির মঞ্চে ফের ফ্যাসিবাদী আচরণের ইঙ্গিত তুলে ধরলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-৬ আসনের এক গণসমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“এখন আবার নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চলছে। দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার চেষ্টা হচ্ছে। বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। কিন্তু দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না।”
তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় থেকেছে তারা দেশকে দুর্নীতির চ্যাম্পিয়নে পরিণত করেছে। গুম-খুনের রাজনীতি চালু করে জাতিকে বিশ্বের দরবারে লজ্জাজনক অবস্থায় দাঁড় করিয়েছে। তবে অতিষ্ঠ জনগণ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে এবং এখন নতুন সুযোগ তৈরি হয়েছে। চরমোনাই পীরের ভাষায়,
“আমরা যেন আর কখনো খুনি-চাঁদাবাজদের সহযোগী না হই। ৫ আগস্টের পর যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। দেশের মানুষ ইসলাম ও মানবতার সৌন্দর্যের ওপর আস্থা রাখতে চায়। তাই আসুন, ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করি।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও সূত্রাপুর থানা সভাপতি মো. মানোয়ার খান। তিনি এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীককে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব প্রকৌশলী কেএম আতিকুর রহমান, কেএম শরীয়াতুল্লাহ ও ডা. মুহাম্মাদ শহিদুল ইসলাম।
সমাবেশে চরমোনাই পীর নিজ হাতে প্রার্থী মো. মানোয়ার খানকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।