কোনো ধরনের গোলযোগ ছাড়াই শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা এবং ফলাফলের অপেক্ষা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভোট গণনায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে গণনার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হচ্ছে এলইডি স্ক্রিনে। এজন্য ভোটকেন্দ্রগুলোর সামনে বড় পর্দা বসানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা ও প্রার্থীরা বাইরে থেকেই পুরো প্রক্রিয়া দেখতে পারেন।
ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এর আগে ঘোষণা দিয়েছিলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিনে প্রদর্শিত হবে। যদিও ঠিক কতটি স্ক্রিন বসানো হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হয়েছে—এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং নিজ নিজ হল সংসদের ১৩টি পদ।
মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন, এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী—এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন। অন্যদিকে, ১৮টি হলে লড়ছেন ১,০৩৫ জন প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভোট গণনা শেষে রাতের প্রথমাংশেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। প্রশাসনের আশা, এই স্বচ্ছ গণনা প্রক্রিয়া শিক্ষার্থীদের আস্থা বাড়াবে এবং নির্বাচনী পরিবেশকে আরও উৎসবমুখর করে তুলবে।