জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টিকে হাতিয়ার বানিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগকে ফেরানোর এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, “শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করি। সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। এবার একই গ্রুপ আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য জাতীয় পার্টিকে বেছে নিয়েছে।”
তিনি আরও বলেন,
“ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। এখন যদি আমরা নুরুল হক নূরের ওপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে না পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে।”
হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করে উল্লেখ করেন,
“নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা ব্যর্থ করে দেব।”

এর আগে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।