মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষক—মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানমকে মানবতা ও সাহসিকতার অনন্য উদাহরণ হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় নিহত শিক্ষকদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নিহত শিক্ষকদের স্বজনরা। তাদের কাছ থেকে তিনি দুর্ঘটনার করুণ স্মৃতিকথা শোনেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “এই স্মৃতি জাতির হৃদয়ে গভীরভাবে দাগ কেটে গেছে। আমরা সমবেদনা জানাতে পারি, কিন্তু দুঃসহ স্মৃতি মুছে দেওয়ার ক্ষমতা আমাদের নেই।
তবে এটুকু বলতে পারি, এই শোক কেবল পরিবারের নয়, জাতিরও।” তিনি আরও যোগ করেন, “এই শিক্ষকরা শুধু প্রাণ বাঁচাননি, তারা মানবতার মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের গর্বিত করেছে।”
নিহত শিক্ষকদের স্বজনরা এসময় তাদের জীবনের শেষ মুহূর্তের স্মৃতি তুলে ধরেন। মাহেরীন চৌধুরীর স্বামী জানান, স্ত্রী নিজ সন্তানদের কথা ভেবে না থেকে ছাত্রছাত্রীদের প্রাণ বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন।
আরেক শিক্ষক মাহফুজা খাতুনের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মা সুস্থ হয়ে উঠছিলেন, আমি ভেবেছিলাম তাকে নিয়ে ঘরে ফিরব। কিন্তু তিনি চলে গেলেন, আমিও এখন অনাথ হলাম।”
প্রধান উপদেষ্টা বলেন, দেশের জন্য এ শিক্ষকদের আত্মত্যাগ একটি চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে। সরকার তাদের স্মৃতি ধরে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও আশ্বাস দেন তিনি।