বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন নোবেল বিজয়ী ড. ইউনূসকে মিথ্যা মামলায় হয়রানি করছিলেন, তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে টানা ৪০ মিনিট ধরে ড. ইউনূসের পক্ষে বক্তব্য দিয়েছিলেন।
তিনি আরও জানান, খালেদা জিয়া ইচ্ছা প্রকাশ করেছেন যদি ডিসেম্বর মাসে নির্বাচন হয়, তিনি তাতে অংশগ্রহণ করবেন। তাই প্রধান উপদেষ্টার উচিত তার প্রতি সম্মান দেখিয়ে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন আয়োজন করা।
শনিবার বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।
তিনি অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। কিন্তু নির্বাচন ছাড়া দেশে কোনো বৈদেশিক বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না, মব সন্ত্রাস ও খুন বন্ধ হবে না। তাই দেশের স্বার্থেই দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।
বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এই টাকা দেশে ফিরিয়ে আনা হবে।
সেনাবাহিনীর ভূমিকাও এসময় তিনি প্রশংসা করেন। তিনি বলেন, একসময় শেখ হাসিনা চেয়েছিলেন সেনাবাহিনীর গুলিতে সাধারণ মানুষ নিহত হোক। কিন্তু সেনারা জনগণের পাশে দাঁড়িয়েছিল, যার ফলে লাখো প্রাণ রক্ষা পেয়েছে। আর সেই ঘটনার পরপরই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, শিল্প সম্পাদক মো. আবুল কালামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।