শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর হাজী মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ে ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শহিদুল আনোয়ার কামরুল।
সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মোস্তাফিজুর রহমান। এ সময় অভিভাবক ও শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানের মানোন্নয়ন, পরীক্ষার ফলাফল উন্নতি, শৃঙ্খলা রক্ষা এবং স্কুলে উপস্থিতি বাড়ানোর বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। প্রধান অতিথি শেখ মোস্তাফিজুর রহমান বলেন,
“শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।”
তিনি বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।