আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “৫ আগস্ট ছিল অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায়ের সমাপ্তি। এরপর থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে।”
প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেছেন, “নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন, সরকার চায়, আগামী নির্বাচন দেশের জনগণের আস্থার প্রতীক হয়ে উঠুক। এজন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।
বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া যুদ্ধবিমান দুর্ঘটনায় জীবনবাজি রেখে শিক্ষার্থীদের বাঁচাতে সাহসিকতার পরিচয় দেওয়া শিক্ষক মেহেরিন চৌধুরীর নামে একটি অ্যাওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। এই সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে জানান প্রেস সচিব।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের অধীনে ২০২৬ সালের ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে এবং ডিসেম্বরের শেষ দিকে তফসিল ঘোষণার সম্ভাবনার কথাও জানিয়েছেন সিইসি।
প্রধান উপদেষ্টার এ বক্তব্যে স্পষ্ট—নির্বাচনের ওপরই এখন সরকারের পূর্ণ মনোযোগ।