মাহিনুর ইসলাম , বড়লেখা প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫’-এ জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ।
সোমবার (৪ আগষ্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় পর্যায়ে মূল্যায়ন কমিটি ৩ আগস্ট ফলাফল অনুমোদন করেন।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগিয়ে তোলা। এতে দেশের বিভিন্ন জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় কলেজটির পক্ষে অংশগ্রহণ করেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী। তারা হলেন মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ, আমিনা সুলতানা এবং নুছরাত জাহান রিয়া।
এই গৌরবজনক অর্জনের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসন বড়লেখা সরকারি কলেজকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
তবে এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মো. তোফায়েল আহমদের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
প্রতিযোগিতা প্রসঙ্গে কলেজের সাবেক অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন বলেন, আমার শেষ কর্মস্থলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে এটি শুধু বড়লেখা সরকারি কলেজ নয়, সমগ্র বড়লেখাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তাদের জন্য আমরা গর্বিত।