মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দলের মুখোশধারী সদস্যরা ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালপত্র লুট করে নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চিত্রকোট ইউনিয়নের খারখোলা গ্রামে প্রেমানন্দ মণ্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতি শেষে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া করে ইমরান ব্যাপারী (২৪) নামের এক ডাকাতকে আটক করেন। তিনি বরগুনা সদরের জাকিরচর গ্রামের বাসিন্দা।
পরে আজ শুক্রবার বেলা ১১টার দিকে খারখোলা বিল (চক) এলাকায় আরেক অজ্ঞাতনামা ডাকাতকে আটক করে গণপিটুনি দেন এলাকাবাসী। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী প্রেমানন্দের ছেলে পঙ্কজ মণ্ডল বলেন, ‘রাত ৩টার দিকে ৮-১০ জন মুখোশধারী ডাকাত আমাদের বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। আমি, বাবা-মা ও ভাবি ঘরে ছিলাম।
তারা আমাদের মারধর করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে এবং পুরো ঘর তছনছ করে ১৬ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নেয়। পরে চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে একজন ডাকাতকে ধরে ফেলে।’