রাজধানীর শাহবাগে গণজাগরণ আন্দোলনের প্রতীক ‘প্রজন্ম চত্বর’ এর প্রতিকৃতি ভেঙে ফেলা হয়েছে। শনিবার (১২ জুলাই) গভীর রাতে অজ্ঞাতপরিচয় একদল লোক বুলডোজার দিয়ে এই স্থাপনাটি ধ্বংস করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও বিস্ময় দেখা দিয়েছে।
রাতের আঁধারে একটি বুলডোজার এনে দ্রুত সময়ের মধ্যেই ২০১৩ সালের আন্দোলনের স্মারকচিহ্নটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। তবে ঠিক কারা এটি ভেঙেছে, বা কোনো সরকারী নির্দেশনার ভিত্তিতে কি না—সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে শুরু হয় গণজাগরণ আন্দোলন। লাখো তরুণ-তরুণীর অংশগ্রহণে শাহবাগ মোড়ের নাম হয় ‘প্রজন্ম চত্বর’। এখানেই গড়ে তোলা হয় এক প্রতীকী স্থাপনা, যা মুক্তিযুদ্ধের চেতনা ও বিচারপ্রক্রিয়ার অঙ্গীকারের প্রতিনিধিত্ব করতো।
এই ভাস্কর্যটি শুধু একটি নির্মাণ ছিল না, এটি ছিল একটি সময়, একটি আন্দোলন, এবং একটি প্রজন্মের কণ্ঠস্বরের স্মারক। আর তাই, কোনো ধরনের নোটিশ বা পূর্ব ঘোষণা ছাড়াই এর অপসারণে নিন্দা জানাচ্ছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।
অনেকেই প্রশ্ন তুলেছেন—যে চেতনার ওপর দাঁড়িয়ে প্রজন্ম চত্বর গড়ে উঠেছিল, আজ সেই স্মারকটি গুঁড়িয়ে দিয়ে কি ইতিহাসকেই মুছে ফেলা হলো?
এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে কী ব্যাখ্যা দেয় এবং আদৌ ব্যাখ্যা দেয় কি না।
এদিকে সুশীল সমাজ ও মুক্তিযুদ্ধপন্থি নাগরিকরা এর যথাযথ তদন্ত ও জবাবদিহিতা দাবি করেছেন।