সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মব তৈরি করে হত্যা করা হচ্ছে এবং এর বিচার একদিন হবেই। সোমবার (২৩ জুন) আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শাজাহান খান বলেন, ‘মব জাস্টিস করে ১৬২ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। এর বিচার হবে না, এটা কেউ মনে করবেন না।’
এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় শাজাহান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন বিচারক মাহবুব আলম।
তাদের সঙ্গে আরও কয়েকজনেরও রিমান্ড মঞ্জুর হয়। আদালতে হাজিরার সময় তাদের হাতে হ্যান্ডকাফ, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। কাঠগড়ায় তোলার পর পুলিশ হ্যান্ডকাফ ও হেলমেট খুলে দেয়। এ সময় শাজাহান খান ও আনিসুল হক একে অপরের সঙ্গে আলাপ করলেও সালমান এফ রহমান ছিলেন চুপচাপ।
রিমান্ড শুনানিতে শাজাহান খান অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। অন্যদিকে পাবলিক প্রসিকিউটর বলেন, আসামিরা সাধারণ মানুষ নন, তারা নীতিনির্ধারণী বৈঠক করে সহিংসতার পরিকল্পনা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে আহত সাজেদুর রহমান ওমর হাসপাতালে মারা যান। এ ঘটনায় শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা হয়।
এছাড়া পল্টনের সমাবেশে বদরুল ইসলাম সায়মন হত্যাচেষ্টা মামলাসহ আরও কয়েকটি মামলায় বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম এসেছে। আদালত এসব মামলায় একের পর এক রিমান্ড মঞ্জুর করছে।