জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পিরোজপুর জেলা ছাত্রদল । বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে নিমগাছ রোপণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
পরিবেশ রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অভি, প্রচার সম্পাদক ইফতেখার আহমেদ রনি। এছাড়াও জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এ সময় বলেন, “পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। ছাত্রদল সবসময় মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, এই কর্মসূচির অংশ হিসেবে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৫ হাজার গাছ রোপণ করা হবে।
উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।