অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত পাঁচ দিনের সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি দেশে পৌঁছান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো. সেলিম উদ্দিনসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়া সফরকালে ডা. শফিকুর রহমান দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।
এ ছাড়া সফরে তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। এসব কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। এ সময় তারা দেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফর সফলভাবে সম্পন্ন করে পূর্বনির্ধারিত মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।