জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, তা আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। দলটি সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে মানুষের ঘরবাড়ি ও যানবাহনে আগুন দেয়। এমনকি গাড়িচালক ও সহকারীদের পুড়িয়ে হত্যার মতো ঘটনাও ঘটায় বলে অভিযোগ করেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। সরকার গঠনের মাত্র আট মাস পার হয়েছে, সামনে এখনও প্রায় সাড়ে চার বছর সময় রয়েছে। অথচ এরই মধ্যে সেই দলের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ নাটোরসহ সারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।