ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২২ নভেম্বর) দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, রাত তিনটার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন ডাকসু ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে। পরে কেরোসিন ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনাটিকে নাশকতা ও সহিংসতার বহিঃপ্রকাশ উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতীতেও আওয়ামী লীগের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি।
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি অভিযোগ করেন, জাতীয় ও ছাত্রনেতাদের বাসাবাড়ি এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার পরিচয় দিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা ও উদাসীনতার অভিযোগ তুলে এর নিন্দা জানান তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা ও নাশকতার চেষ্টা বন্ধে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বিশেষ করে রাজনৈতিক ও ছাত্রনেতাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, এসব ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে জনগণের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে।
বিবৃতির শেষাংশে সাদিক কায়েমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।