বাংলাদেশকে আর কখনো কারও পৈতৃক সম্পত্তি কিংবা ব্যক্তিকেন্দ্রিক রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘এই দেশ আমাদের সবার। এখানে কোনো ব্যক্তির একক কৃতিত্ব কিংবা আমিত্বের রাজনীতি চলবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে জনগণের কথা মাথায় রেখে দেশ পরিচালনা করতে হবে।’
তিনি আরও বলেন, ক্ষমতা কখনো স্থায়ী নয়। বাংলাদেশের মানুষ অন্যায় ও দাসত্ব মেনে নেয় না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৯০-এর গণ-আন্দোলন এবং জুলাই-আগস্টের আন্দোলনে মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি নাগরিকদের গণতন্ত্র রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় হাজং সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন কায়সার কামাল। তিনি জানান, হাজং ভাষা টিকিয়ে রাখতে ‘মূলা হাজং’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মন্দিরভিত্তিক শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে মাতৃভাষা শেখানোর পরিকল্পনাও রয়েছে।