অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের আয়োজনে মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সভাপতি ও সদস্যদের পাশাপাশি বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা এবং স্থানীয় মুসলিম কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান প্রথমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাকে আন্তরিক অভ্যর্থনা জানানো এবং ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানে সময় দেওয়ায় আয়োজক ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
বক্তব্যে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, নিজ ভূমির প্রতি ভালোবাসা এবং এর ইতিহাস ও স্মৃতিকে ধারণ করার অনুভূতি বাংলাদেশের মানুষের কাছেও গভীরভাবে পরিচিত। এ কারণে অস্ট্রেলিয়ার আদি বাসিন্দা এবং তাদের অতীত ও বর্তমান প্রজন্মের প্রবীণদের প্রতি বাংলাদেশের মানুষের বিশেষ শ্রদ্ধা রয়েছে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের কার্যক্রমের প্রশংসা করে জামায়াত আমির বলেন, বিভিন্ন মুসলিম সম্প্রদায়কে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে এসে সংগঠনটি সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মুসলিম সমাজের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সংহতি ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটি আরও কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
এ সময় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।