পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সামরিক সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা কমে ৩২টিতে দাঁড়িয়েছে। সংঘাতের আগে দেশটির বহরে ৩৬টি রাফাল থাকলেও বর্তমানে চারটি যুদ্ধবিমান কম রয়েছে। ব্রিটিশ বিমানবিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটি প্রকাশের পর পাকিস্তানের সেই দাবি নতুন করে আলোচনায় এসেছে, যেখানে দেশটি সংঘাতের সময় ভারতের একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল।
বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর সক্ষমতা ও যুদ্ধবিমানের বহর নিয়ে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে ভারতের সক্রিয় রাফালের সংখ্যা ৩২টি উল্লেখ করেছে ফ্লাইট ইন্টারন্যাশনাল। তবে বাকি চারটি যুদ্ধবিমানের অনুপস্থিতির কারণ প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
২০১৬ সালে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। এ চুক্তির মূল্য ছিল প্রায় ৮৮০ কোটি ডলার। এর বাইরে সম্প্রতি আরও ১১৪টি রাফাল কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
যেভাবে শুরু হয় ভারত-পাকিস্তান সংঘাত
২০২৫ সালের মে মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সামরিক সংঘাত শুরু হয়।
ওই হামলার পেছনে পাকিস্তানের সমর্থন রয়েছে বলে অভিযোগ করে ভারত। তবে এ অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ। ভারতের দেওয়া বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চার দিনের সংঘাতে দুই দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে। এতে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের বিমানঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়। পরে ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
রাফাল ভূপাতিতের দাবি পাকিস্তানের
সংঘাতের পর পাকিস্তান দাবি করে, তারা ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানও ছিল। অন্যদিকে ভারত নিজেদের কিছু যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও ছয়টি বিমান ভূপাতিত হওয়ার দাবি প্রত্যাখ্যান করে।
সে সময় সিএনএনকে দেওয়া বক্তব্যে ফ্রান্সের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা পাকিস্তানের হামলায় অন্তত একটি ভারতীয় রাফাল ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেন। আধুনিক প্রযুক্তির ফরাসি এই যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়ার ঘটনা ছিল প্রথম। একাধিক রাফাল ধ্বংস হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত চলছিল বলে জানান ওই কর্মকর্তা।
চারটি রাফাল ধ্বংসের দাবি পাকিস্তানের
চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনী জানায়, সংঘাতে তারা ভারতের চারটি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাশাপাশি একটি বহুমুখী চালকবিহীন আকাশযান ধ্বংসের দাবিও করে দেশটি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তান সংঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছেন। গত ফেব্রুয়ারিতে তার দেওয়া হিসাব অনুযায়ী, ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যা ছিল ১০টি। এর আগে তিনি প্রথমে পাঁচটি, পরে গত বছরের অক্টোবরে সাতটি এবং নভেম্বরে আটটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা উল্লেখ করেন।
তবে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিমান ধ্বংসের সংখ্যা নিয়ে দেওয়া বক্তব্যে এখনো পার্থক্য রয়েছে। ফ্লাইট ইন্টারন্যাশনালের প্রতিবেদনে ভারতের সক্রিয় রাফালের সংখ্যা কমে যাওয়ার তথ্য পাওয়া গেলেও চারটি যুদ্ধবিমান পাকিস্তানের হামলায় ধ্বংস হয়েছে—এমন কোনো নিশ্চিত সিদ্ধান্ত এতে দেওয়া হয়নি।
তথ্যসূত্র: দ্য ডন, ফ্লাইট ইন্টারন্যাশনাল ও সিএনএন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?