বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার কলেজছাত্র সিফাত আবদুল্লাহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
সিফাতের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী নাসের আলী খান। তিনি জানান, একটি মামলায় ৭৬ দিন কারাগারে থাকার পর আইনি প্রক্রিয়া শেষে মুক্তি পেয়েছেন সিফাত। তিনি ইনকিলাব মঞ্চ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সক্রিয় সদস্য বলেও দাবি করেন আইনজীবী।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে সিফাত আবদুল্লাহকে আটক করে পুলিশ। পরে গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এরপর নিম্ন আদালতে দুই দফা জামিন আবেদন করেন সিফাতের আইনজীবীরা। তবে গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এবং ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
পরে নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করলে বুধবার কারামুক্ত হন সিফাত।