রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ বিজিবি এবং ৬০ বিজিবির বিশেষ অভিযানে তালিকাভুক্ত ৬ জন মানব পাচারকারী এবং অবৈধভাবে অনুপ্রবেশকারী ১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল ব্রাহ্মণপাড়ার সালদানদী, শশীদল, বৌয়ারাবাজার বিওপি এবং সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে তালিকাভুক্ত ৬ জন মানব পাচারকারী এবং ভারতের আসাম রাজ্যের ১ জন নারী নাগরিককে আটক করা হয়।
আটককৃত মানব পাচারকারীরা হলেন:
১. মো. জীবন মিয়া (২৮), পিতা- মো. শাহজাহান, গ্রাম- গঙ্গানগর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
২. মো. খোকন (৪৮), পিতা- মৃত আব্দুল হাই, গ্রাম- রামচন্দ্রপুর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
৩. মো. জিলানী (২৫), পিতা- মো. জাহাঙ্গীর আলম, গ্রাম- উত্তর আশাবাড়ি, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
৪. টুটুল খান টিটু (৩০), পিতা- মো. খিরিজ মিয়া, গ্রাম- দক্ষিণ আশাবাড়ি, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
৫. আপন (৩৩), পিতা- ফয়েজ আহমেদ, গ্রাম- নারায়ণপুর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
৬. শরিফুল ইসলাম (৩৩), পিতা- আয়াত আলী, গ্রাম- হরিপুর, কোতোয়ালি, কুমিল্লা।
উদ্ধারকৃত বা আটক বিদেশি নাগরিক:
অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক নাজমা বেগম সাইকিয়া (৩১), পিতা- আব্দুল মান্নান, গ্রাম- পলাশ বস্তি পাথর, থানা- ডেকিয়াজুলি, জেলা- সনিতপুর, আসাম, ইন্ডিয়া।
বিজিবি জানায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ঘোষিত “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই প্রত্যয়কে সামনে রেখে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। জননিরাপত্তা রক্ষার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।