গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এরপরও দলটির নেতাকর্মীরা শিক্ষা নেয়নি। সাংগঠনিক তৎপরতা না থাকায় মনোযোগ অন্যদিকে সরাতে আওয়ামী লীগ সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছে। তবে সহিংস আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা কোনো রাজনৈতিক পদক্ষেপ হতে পারে না।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে পার্থ বলেন, গত ১৭ বছরে দলটি দেশের ব্যাপক ক্ষতি করেছে। বিশেষ করে ব্যাংকিং খাতের আর্থিক অবস্থার ক্ষতি এবং বিদ্যুৎ খাতে অতিরিক্ত দামে বিদ্যুৎ কেনার বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।
তিনি আরও বলেন, ইতিহাসের কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতে আগের সরকারের রেখে যাওয়া ক্ষতি মোকাবিলা করতে হচ্ছে বর্তমান সরকারকে।