কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদে নুসরাত বলেন, বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তিনি দুইবার আহত হয়েছেন। প্রথমবার বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় এবং দ্বিতীয়বার জাতীয় সংসদে তার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টায় তিনি কষ্ট পেয়েছেন।
তিনি বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের মতো আগুন ছড়িয়ে পড়া এবং বাড়ির বিভিন্ন অংশে একযোগে আগুন জ্বলতে দেখা গেছে। এ সময় নারী ও শিশুদের বাড়ি থেকে বেরিয়ে আসতেও দেখা যায়।
নুসরাতের অভিযোগ, তদন্ত শেষ হওয়ার আগেই সংসদে তার বাড়িকে পরিত্যক্ত বলা এবং শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এতে সুষ্ঠু তদন্ত নিয়ে তার সংশয় তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত চলাকালে দায়িত্বশীল ব্যক্তিদের মন্তব্য তদন্ত কর্মকর্তাদের প্রভাবিত করতে পারে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা চান তিনি।