কুরআনের মাহফিলে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেন, তাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেন, যারা কুরআনের মাহফিলে বাধা দেয়, তারা মুসলমান হলেও ‘তাদের জন্মের ঠিক নেই’।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা এ মাহফিলের আয়োজন করে।
আসরের নামাজের পর মঞ্চে উঠে প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন আমির হামজা। এ সময় তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সময়েও দ্বীনের কাজে বাধা দেওয়া হয়েছিল। মাহফিলে বাধাদানকারীদের উদ্দেশে তিনি বেশ কিছু আক্রমণাত্মক মন্তব্য করেন।
সম্প্রতি নিজের নামে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ড নিয়েও কথা বলেন আমির হামজা। তার দাবি, ছয় বছর আগের অন্য ব্যক্তিদের ঘটনার অডিও তার নামে প্রচার করা হচ্ছে। ২০১২ সাল থেকে ওয়াজ করলেও ২০২৬ সালে মনোনয়ন পাওয়ার পর কেন এসব অভিযোগ সামনে আসছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বক্তব্যে নারীদের সম্মান করার দাবি জানালেও মিছিলে অংশ নেওয়া নারীদের নিয়ে কটাক্ষ করেন তিনি।
এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন। একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়।
পরে বৃহস্পতিবার রাতে প্রশাসন, বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। রাজনৈতিক ও বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনে সম্মতি দেওয়া হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।