কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। এ ঘটনায় মন্ত্রী হামলার বিষয়টিকে গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত প্রশ্ন তোলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’
এর আগে একই দিন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে সরকারের প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরেন।
সালাহউদ্দিন আহমদ সংসদে জানান, বাড়িটিতে দুর্ঘটনাবশত আগুন লেগেছে, নাকি পরিকল্পিতভাবে কেউ আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।
ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি। প্রাথমিকভাবে বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ক্ষোভ প্রকাশ করেন নুসরাত তাবাসসুম। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর ফেসবুকে দেওয়া পোস্টে নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘বাচ্চাসহ ৬–৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্র মন্ত্রী!!
পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!! আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারও বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে!! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা তার বাড়িতে হামলা চালিয়েছেন বলে নিজের বিশ্বাসের কথা উল্লেখ করে নুসরাত আরও বলেন, ‘সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন? আমার ৭ জন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, ফার্মগেটের বাস কিংবা কমলাপুরের রেলস্টেশনও কি পরিত্যক্ত? ছিহ!’