বিএনপি সরকারের নীরব প্রশ্রয়ে দেশজুড়ে অরাজকতা ও সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে সাদিক কায়েম বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ বিরোধী জোটের একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রোলবোমা হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এসব ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা রহস্যজনকভাবে নিষ্ক্রিয় বলে মন্তব্য করেন ডাকসু ভিপি।
তিনি আরও অভিযোগ করেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে বিএনপি সরকার আওয়ামী লীগকে আবারও দেশের রাজনীতিতে জায়গা করে দেওয়ার চেষ্টা করছে। ফ্যাসিবাদ পুনর্বাসনের এমন রাজনৈতিক সিদ্ধান্ত শেষ পর্যন্ত বিএনপির জন্যই বুমেরাং হবে বলে মন্তব্য করেন সাদিক কায়েম।