মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার একটি রিসোর্টের গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের হাত থেকে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান তিনি।
জানা গেছে, গত ৮ নভেম্বর অতিথি হিসেবে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার ছিল তাঁর চেকআউটের দিন। তবে চেকআউটের আগেই সকালে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছাননি বলে জানা গেছে।
রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসিব আল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন। তাঁরা রিসোর্টের ১১৮ নম্বর কক্ষের ‘অগ্নিবীণা’তে অবস্থান করছিলেন।
এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারীর সঙ্গে অটোরিকশায় কোথাও যাচ্ছিলেন হাসিব। পথে কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশাটির গতিরোধ করে তাঁর ওপর হামলা চালায়। এ সময় দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন তিনি।
ভিডিওতে হামলাকারীদের একজনকে হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিতে এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৌলভীবাজারে হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে তিনি আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।