ক্ষমতার মোহে বা নিজের উদ্যোগে নয়, বরং জাতির প্রয়োজনে জনগণই জিয়াউর রহমানকে নেতা বানিয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ নভেম্বর) রাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অফিসার্স ক্লাব ঢাকা আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অরক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। মুক্তিযুদ্ধের পর জনগণের প্রত্যাশা পূরণ না হওয়া, একদলীয় শাসন, অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে ক্ষোভ তৈরি হয়েছিল।
তিনি বলেন, সেই সংকটময় সময়ে ভূরাজনৈতিক ষড়যন্ত্র নস্যাৎ করে সিপাহী-জনতা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশের নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিল।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে তুলেছিলেন।
তিনি বলেন, ৭ নভেম্বর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়; এটি বাংলাদেশি জাতীয়তাবাদ ও মুক্তিকামী মানুষের সর্বজনীন অর্জন।
অনুষ্ঠানে অফিসার্স ক্লাব ঢাকার সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাবেক সচিবরা উপস্থিত ছিলেন।