মোঃ তাজুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি;
ডিসেম্বরে কোনো আপার বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। আর যদি আসেন, তবে আপার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, আগামী ডিসেম্বরে নাকি কেউ দেশে আসতে চাচ্ছেন, আপনারা কি জানেন? আমরা কি প্রস্তুত আছি? জুলাই গণ-অভ্যুত্থানে যেভাবে প্রস্তুত ছিলাম, এবার কি আছি? এবার প্রতিরোধ আগের চেয়ে বেশি হবে, না কম হবে?
বিচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগেরবার আমরা অনেক উদারতা দেখিয়েছি, আমরা ক্ষমা করে দিয়েছিলাম। আমরা ওসমান হাদীর ভাষায় বলেছিলাম ‘শত্রুর প্রতিও আমরা ইনসাফ করব, ন্যায়বিচার করব।’ কিন্তু গত দুই বছরে আমরা কোনো বিচার পাইনি; ওসমান হাদী ও জুলাইয়ের শহীদ ভাই-বোনদের হত্যার বিচার পাইনি। জনগণ যখন ন্যায়বিচার পায় না, তখন তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনও ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি। আপনাদের সেটার প্রমাণ দিতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শুধু ‘নোয়াখালী বিভাগ চাই’ বলে আন্দোলন করবেন না। আপনারা পুরো দেশ নিয়ে ভাববেন, পুরো বিশ্ব নিয়ে ভাববেন।
বিশ্ববিদ্যালয় জীবনের লক্ষ্য তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বিশ্বে কোথায় কী চিন্তা হচ্ছে, কী ঘটছে সেসব বিষয়ে জানতে হবে। গ্লোবাল মার্কেটের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আপনার চাকরির বাজার শুধু দেশে নয়, পুরো বিশ্বে আপনি নিজেকে কোথায় প্রতিষ্ঠিত করতে পারেন, তা নিয়ে ভাবতে হবে।
৭ নভেম্বর প্রসঙ্গে তিনি বলেন, ৭ নভেম্বরকে আমরা ধারণ করি। ৭ নভেম্বর বিপ্লব, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়? বর্তমান সরকারের পক্ষে যা যায়, সেটাকে বিপ্লব বলে; আর পক্ষে না গেলে সেটাকে কেবল আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে আখ্যা দেয়।
জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ২০২৫-২৬ সেশনের নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।