গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডায়াসে দাঁড়িয়েই থেমে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাছের মসজিদ থেকে ভেসে আসা জোহরের আজানের প্রতি সম্মান জানিয়ে টানা ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে আট বিভাগের শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশের হাতে সম্মাননা ও প্রাইজমানি তুলে দেন প্রধানমন্ত্রী। পরে উপস্থাপক প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের বক্তব্য দেওয়ার ঘোষণা দেন। এরপর নিজের আসন থেকে উঠে ডায়াসের দিকে এগিয়ে যান তিনি।
ডায়াসের কাছে গিয়ে উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে হাত নাড়েন প্রধানমন্ত্রী। এরপর বক্তব্য শুরু করতে যাওয়ার মুহূর্তেই পাশের মসজিদ থেকে ভেসে আসে জোহরের আজান। সঙ্গে সঙ্গে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন তিনি।
ঘড়িতে তখন দুপুর ১২টা ৪৪ মিনিট। আজান শেষ হওয়া পর্যন্ত ডায়াসে নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। ছয় মিনিট পর দুপুর ১২টা ৫০ মিনিটে আজান শেষ হলে বক্তব্য শুরু করেন তিনি।
সারা দেশ থেকে আসা প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মহাসমাবেশে তাদের বেতন, আনুতোষিক ভাতা ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মোবাইল ভাতা চালুর কথাও জানান তিনি।
নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দেন তারেক রহমান। এ ছাড়া নারী গ্রাম পুলিশের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস নির্ধারণের কথাও জানান তিনি।
প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের পাঁচ বছর পরপর বাইসাইকেল দেওয়ার বর্তমান সময়সীমা কমিয়ে তিন থেকে সাড়ে তিন বছর করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।