গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে নিহতের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান জামায়াত আমির।
পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে নিহত তৌফিকের স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। এ সময় স্বজনরা তাদের কষ্টের কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
ডা. শফিকুর রহমান জানান, তৌফিক ও তার বড় ভাই একই পোশাক কারখানায় কাজ করতেন। অভাবের সংসারে বেড়ে ওঠা দুই ভাইয়ের মধ্যে তৌফিকের মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। অন্যদিকে, তৌফিকের স্ত্রী তাদের ১১ মাস বয়সী সন্তানকে লালন-পালনের জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন।
তিনি আরও জানান, পরিবারটির নিজস্ব কোনো জমি বা বসতভিটা নেই। বর্তমানে স্বামীর চাচার ছোট একটি ঘরে আশ্রয় নিয়েছেন তৌফিকের স্ত্রী ও সন্তান।
জামায়াত আমির বলেন, গরিব মানুষের বিচার পাওয়ার সুযোগ সীমিত হলেও তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অন্তত ন্যায়বিচার পেলে অসহায় পরিবারটি কিছুটা সান্ত্বনা পাবে।
নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তাদের জন্য দোয়া করেন তিনি। এ সময় জামায়াতের গাইবান্ধা জেলা ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নেতারাও পরিবারের খোঁজখবর নেন এবং স্বজনদের সান্ত্বনা দেন।