বিএনপির প্রয়াত নেতা, বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা জীবনের শেষ পাঁচ বছর দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
বুধবার (৪ নভেম্বর) সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বাবার শেষ সময়ের স্মৃতিচারণা করে ইশরাক বলেন, ২০১৯ সালের ৪ নভেম্বর নিউইয়র্কে মৃত্যুর আগে শেষ তিন-চার দিন হাসপাতালে বাবার পাশে ছিলেন তিনি। তখন খোকা তেমন কথা বলতে পারতেন না। তবে তাঁর চোখের চাহনিতে গভীর কষ্টের ছাপ ছিল।
ইশরাক জানান, দীর্ঘ ৪০ বছর এলাকায় রাজনীতি করলেও জীবনের শেষ পাঁচ বছর দেশে ফিরতে পারেননি তাঁর বাবা। নিজের বাবা-মায়ের কবর এবং এলাকার মানুষের সঙ্গে শেষবারের মতো দেখা করতে না পারার আক্ষেপ ছিল তাঁর।
বাবার একটি কথা স্মরণ করে ইশরাক বলেন, ‘আব্বা অনেক সময় বলতেন, আমার মনে হয় বাক্সবন্দী হয়ে দেশে যাইতে হবে।’ শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়েছিল।
তিনি আরও বলেন, তাঁর বাবা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। নির্যাতিত মানুষের অধিকার আদায়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অবিচল ছিলেন।
তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও করেন ইশরাক হোসেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।