বদলির আদেশ জারি, নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা এবং শতভাগ উৎসব ভাতাসহ তিন দফা দাবি বাস্তবায়নে সরকারকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বুধবার (৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, দেশের ছয় লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। অনেক শিক্ষক নিজ জেলা থেকে দূরে চাকরি করায় পরিবার থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করছেন। তাই দ্রুত বদলির ব্যবস্থা চালু করা প্রয়োজন।
নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অর্থ বরাদ্দ চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাঠানোর উদ্যোগকে স্বাগত জানান তিনি। তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরও এ সুবিধার আওতায় আনার দাবি জানান।
এ ছাড়া আগামী ঈদুল ফিতর থেকে বর্তমান ৫০ শতাংশের পরিবর্তে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অধ্যক্ষ আজিজী বলেন, সরকারের উদ্যোগ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বঘোষিত অবস্থান কর্মসূচির পরিবর্তে সংবাদ সম্মেলন করা হয়েছে। তবে আন্দোলন স্থগিত হয়নি।
আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়নে কার্যকর সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।