দেশের শিল্পাঞ্চলগুলোতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারের অপরিকল্পিত ও অপরিপক্ব সিদ্ধান্তকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় শ্রমিক শক্তির আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের ফল। পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। এতে উৎপাদন ও অর্ডার কমার পাশাপাশি শ্রমিকদের জীবনমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ২০২৩ সালের তুলনায় বর্তমানে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। তাই চাল, ডাল, তেল, ডিম, গ্যাস, বিদ্যুৎ ও যাতায়াত খরচ বিবেচনায় নিয়ে শ্রমিকদের মজুরি বাড়াতে হবে।
এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, শ্রমিকদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
শ্রমিকদের আন্দোলনে বলপ্রয়োগ না করে তাঁদের ন্যায্য দাবি পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, মজুরি কমিশনে প্রকৃত শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অন্যথায় বিভিন্ন খাতের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে।