রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দুই মাস পিছিয়ে গেলে ভবিষ্যতে আর নির্বাচন নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।
রোববার (১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যদি দুই মাস পেছায় রাকসু, আর আজীবনে রাকসু নির্বাচন হবে না, যদি না আরেকটা গণ-অভ্যুত্থান হয়।’
সংবাদ সম্মেলনে রাকসুর পরবর্তী নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, নির্বাচনী তফসিল ঘোষণা, নির্বাচিত সিনেট ছাত্র প্রতিনিধিদের শপথ এবং সিনেট অধিবেশন আহ্বানের দাবি জানান তিনি।
আম্মার বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়, নেতৃত্ব বিকাশ ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই একটি কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারত্ব ও আসন-বাণিজ্যের মতো পুরোনো অনিয়ম ফিরে আসতে পারে।
রাকসু আদায়ে দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাবেক এই জিএস বলেন, দাবি আদায়ে প্রথমে স্মারকলিপি, পরে মানববন্ধন এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।