জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে চান বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনী এলাকার স্থানীয় সমস্যাগুলো সমাধানে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) ধোলাইখাল টং মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ধোলাইখাল পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী এলাকা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় এই এলাকায় বড় সমাবেশ হয়েছিল। আন্দোলন চলাকালে মার্কেটের সামনেই তিনি প্রথম গুলিবিদ্ধ হয়েছিলেন বলেও স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এবং তাদের ভাগ্যোন্নয়ন নিশ্চিত করা। আগামী দিনগুলোতে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে চান তাঁরা।
ধোলাইখাল টং মার্কেট স্থায়ী করার বিষয়ে সংসদ সদস্য বলেন, অতীতে তাঁর বাবা মেয়র থাকাকালে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ায় কাজটি সম্পন্ন হয়নি। এখন ব্যবসায়ীদের এ বিষয়ে পরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।
মার্কেটের উন্নয়নের মাধ্যমে ব্যবসায়ী, দোকানমালিক, শ্রমিক-কর্মচারী ও তাঁদের পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ইশরাক।
নিজের নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাঁদের প্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবেন।
এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্যাগুলো তুলে ধরলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন।