আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে ‘জুলাই ঐক্য’। সংগঠনটি বলেছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর দায়িত্বে থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী সরকারের পতনের পরও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের কারও কারও আচরণে পুরোনো অসহিষ্ণু মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক।
সংগঠনটি আরও জানায়, কোনো সংবাদ বা সম্পাদকীয় অবস্থান পছন্দ না হলে তার প্রতিবাদ জানানোর অধিকার সবার রয়েছে। তথ্য ও যুক্তির মাধ্যমে সমালোচনা করা যেতে পারে। তবে পত্রিকা ছিঁড়ে ফেলা, সাংবাদিকদের হেয় করা কিংবা সংঘবদ্ধভাবে ভয়ভীতির পরিবেশ তৈরি করা গ্রহণযোগ্য নয়।
এদিকে, আমার দেশ কার্যালয়ে সাম্প্রতিক ককটেল হামলারও নিন্দা জানিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটির দাবি, পত্রিকাটির ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এ ধরনের আচরণ নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি আমার দেশ কার্যালয়ে হামলার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানায় সংগঠনটি।