বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
নিখোঁজ হওয়ার পর থেকে তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, তার বিস্তারিত বিবরণ জাতির সামনে তুলে ধরার পাশাপাশি এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব দাবি জানান নাহিদ ইসলাম।
পোস্টে তিনি লেখেন, নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিস্ময় ও গভীর শোক প্রকাশ করেন তিনি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, তাহসিফ নিখোঁজ হওয়ার পর থেকে তার সঙ্গে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে তুলে ধরতে হবে। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।
পোস্টের শেষে তাহসিফের আত্মার মাগফিরাত কামনা করেন এনসিপির আহ্বায়ক। মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনাও জানান তিনি।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি।
জানা গেছে, বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে বসবাস করতেন।
তাহসিফের বাবা এনায়েতুল করিম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর দ্বীপ নামের তার এক পরিচিত ছোট ভাই বাসার নিচে এসে ডাকেন। তার সঙ্গে কথা বলে ফিরে আসবেন জানিয়ে বাসা থেকে বের হন তাহসিফ। তবে এরপর আর বাসায় ফেরেননি তিনি।
পরদিন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার। তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা চলছে।