বর্তমান সরকারের আমলে মানুষের বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সংকুচিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ‘এখন পরিস্থিতি এমন তৈরি হচ্ছে, আমাদের এই সরকারের আমলে, বিএনপি সরকারের আমলে, যে মন খারাপ করার অধিকারও আপনার নেই। পকেটে টাকা নেই, মন খারাপ হয়েছে, এটাও আপনি বলতে পারবেন না। বললেও বাড়ি থেকে তুলে নিয়ে যাবে।’
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর জিরো পয়েন্টে আগামী ৩০ অক্টোবরের সমাবেশ সফল করতে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বর্তমান সরকার গত আট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা ও মতপ্রকাশের কারণে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে। নির্বাচনের আগে তারেক রহমান ভিন্নমতের স্বাধীনতার কথা বললেও ক্ষমতায় এসে ভিন্নমত দমনের পথ বেছে নিয়েছেন বলে দাবি করেন তিনি।
উত্তর কোরিয়ার নির্বাচনী ব্যবস্থার সঙ্গে তুলনা টেনে হাসনাত বলেন, সেখানকার মতো বাংলাদেশেও মানুষের অসন্তোষ প্রকাশের সুযোগ সংকুচিত করা হচ্ছে।
এ সময় ক্রসফায়ারের হুমকির অভিযোগ তুলে বর্তমান পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) অবিলম্বে অপসারণের দাবি জানান তিনি।
হাসনাত আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রবণতা এখনো বন্ধ হয়নি। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।