১১ দলীয় ঐক্য শুধু রাজনৈতিক দলগুলোর জোট নয়, বরং এটি জনগণের ঐক্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, সংবিধান সংস্কার, রাষ্ট্র মেরামত, আধিপত্যবাদ মোকাবিলা ও ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার লক্ষ্যে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক জানান, আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। গণভোটের রায় কার্যকর, সংবিধান সংস্কার পরিষদ গঠন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ এবং বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
গোপালগঞ্জের ওপর দিয়ে লংমার্চ যাওয়ার সময় নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা নেই। তবে কোনো অপতৎপরতা ঘটলে তার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে মামুনুল হক নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শকের ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।
সরকার বিরোধী দলের সহযোগিতা গ্রহণ না করলে জনগণের অধিকার আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন ১১ দলীয় ঐক্যের এই নেতা।