অপরাধ দমনের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। সরকারের কাছে ক্রসফায়ারের অনুমতি চেয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
সোমবার এক বিবৃতিতে সাদিক কায়েম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরও রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় পুলিশ প্রশাসন পুরোনো ক্রসফায়ারকেন্দ্রিক মানসিকতা থেকে বের হতে পারেনি।
তিনি বলেন, পুলিশের দায়িত্ব অপরাধী শনাক্ত করা ও গ্রেপ্তার করা, বিচার করা নয়। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগকে শক্তিশালী, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার না করে পুলিশকে ক্রসফায়ারের ক্ষমতা দেওয়ার উদ্যোগকে ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র প্রতিষ্ঠার নতুন প্রচেষ্টা বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে অতীতের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সাদিক কায়েম টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণ করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন একরামুল হক। তাঁর ছোট মেয়ের কান্নাজড়িত আকুতি এখনো মানুষের স্মৃতিতে রয়েছে।
সাদিক কায়েম বলেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো সন্তানকে যেন এ ধরনের মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সেই নিরাপদ ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনার ভিত্তিতে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। কোনো অবস্থাতেই এ ধরনের উদ্যোগ সফল হতে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ডাকসু ভিপি।