রাবি প্রতিনিধি: এম এ আতিকুর রহমান
বরগুনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৬’-এ সায়েন্স শো প্রদর্শন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি)। গত ১৯ ও ২০ অক্টোবর বরগুনা সার্কিট হাউস মাঠে বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সায়েন্স শো প্রদর্শন করে ক্লাবটি।
ক্লাবের সাধারণ সম্পাদক ইফতিয়ান আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ১৮ অক্টোবর বরগুনার উদ্দেশে যাত্রা করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ক্লাবের প্রচার সম্পাদক মো. সোহান তানভীর, মিডিয়া সম্পাদক সোহান আহমেদ ও অর্গানাইজার মো. শহিদুল্লাহ।
সায়েন্স শোতে দৈত্যের ধোঁয়া, সারফেস টেনশন, ইনস্ট্যান্ট আইস, সিংগিং পাইপ, কালার ভ্যানিশ, ডান্সিং রেইসিন, এলিফ্যান্ট টুথপেস্ট ও ফ্লেম টাচসহ ২০টির বেশি বৈজ্ঞানিক পরীক্ষা প্রদর্শন করা হয়। প্রতিটি পরীক্ষার পর তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পাশাপাশি বিজ্ঞানচর্চায় আগ্রহী হওয়ার সুযোগ পায়।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা ও বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানকে আনন্দময় ও সহজবোধ্যভাবে উপস্থাপন করেছে। এ ধরনের উদ্যোগ তরুণদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করবে এবং তাদের মধ্যে যুক্তিবাদী চিন্তাভাবনার বিকাশ ঘটাবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
সায়েন্স শো সম্পর্কে বরগুনা সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘রাবি সায়েন্স ক্লাবের প্রতিটি এক্সপেরিমেন্ট ছিল বেশ মজার ও শিক্ষণীয়। এগুলো দেখে বিজ্ঞানের প্রতি আমাদের আগ্রহ আরও বেড়েছে এবং নতুন কিছু শেখার ইচ্ছা তৈরি হয়েছে।’
রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো রাজশাহী, ঢাকা, মুন্সিগঞ্জ ও নাটোরসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ ও বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দিতে কাজ করছে। বরগুনা সায়েন্স সোসাইটির আমন্ত্রণে এ ক্যাম্পে অংশগ্রহণ দেশের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞানচর্চা ছড়িয়ে দেওয়ার ক্লাবটির ধারাবাহিক প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাবি সায়েন্স ক্লাব। পাশাপাশি, আসন্ন ‘৯ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্তা’য় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে ক্লাবটি।