বিভিন্নভাবে লোভনীয় প্রস্তাব দেওয়া হলেও সেগুলো প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো প্রলোভন কিংবা ষড়যন্ত্র বিরোধী দলকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। জনগণের অধিকার আদায়ে তারা হিমালয়ের মতো অটল থাকবেন।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত জুলাই সনদের এক বছর পূর্তি উপলক্ষে মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘ইনিয়ে-বিনিয়ে বহু লোভ-লালসা আমাদেরকে দেখানো হয়েছে। এসবের দিকে ফিরেও তাকাইনি, ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি।’
বিরোধী দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, কেউ জনগণের সঙ্গে প্রতারণা করলেও বিরোধী দল তার লক্ষ্য থেকে সরে আসবে না। হিমালয় পর্বতের মতো অটল থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।
বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী সরকার যে পথে পরিচালিত হয়েছিল, বর্তমান সরকারও একই পথে হাঁটছে।
তিনি বলেন, ‘আগের স্বৈরাচার যে পথে হেঁটেছিল, হুবহু একই রাস্তা ধরেই বর্তমান বিএনপি সরকার হাঁটছে।’
নির্বাচনী ফলাফল নিয়েও অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, নানা ধরনের কারসাজি ও অনিয়মের পরও জনগণ বিরোধী দলকে যে আসনগুলোতে নির্বাচিত করেছে, সেসব আসনের ৮৯ জন সংসদ সদস্য দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করবেন।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ফলাফলের প্রতি সম্মান জানানোর দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাবো না। জুলাই সনদ আর গণভোটের গণরায় আদায় করেই ছাড়বো।’
আন্দোলনের লক্ষ্য সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার নিশ্চিত করা, স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ, বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের প্রধান উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে বিরোধী দল আন্দোলন চালিয়ে যাবে।
তবে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও কিংবা সহিংস কর্মসূচির পক্ষে নন বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, দেশের প্রতি ভালোবাসা থেকেই তারা শান্তিপূর্ণ আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তরুণ প্রজন্ম প্রমাণ করেছে, সহিংসতা ছাড়াও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। দেশপ্রেম ও দৃঢ় মনোবল নিয়ে রাজপথে দাঁড়িয়েই স্বৈরাচারের পতন ঘটানো যায়।
কোনো ধরনের চক্রান্ত বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় প্রতিষ্ঠার দাবিতে বিরোধী দলের অবস্থান অটুট থাকবে বলেও জানান তিনি।