মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে অভিযানের সময় পিস্তল প্রদর্শনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ইশরাক হোসেন একজন তরুণ ও উদীয়মান নেতা। রাজপথের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদী ভূমিকা বরাবরই প্রশংসনীয়।
তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে ইশরাকের জোরালো অবস্থান ইতিবাচক। তবে আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করার ঘটনায় যে সমালোচনা হচ্ছে, তা গুরুত্বের সঙ্গে নিয়ে ভবিষ্যতে আরও সতর্ক হওয়া প্রয়োজন।
মাদক কারবারিদের সহিংস আচরণের ঝুঁকি তুলে ধরে রাশেদ খাঁন বলেন, মাদকের প্রভাবে অনেকেই জনপ্রতিনিধি কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করতে পারে। অতীতে মাদক কারবারিদের হাতে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটেছে।
তিনি আরও বলেন, ইশরাক পুলিশকে জানিয়ে মাদক কারবারিদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তাদের পালানো ঠেকাতে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলেছেন।
তবে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন রাশেদ খাঁন।