ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো নাগরিক বৈষম্যের শিকার হবেন না—এমন একটি মানবিক ও উদারনৈতিক রাষ্ট্র গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম ছালেহ শিবলী।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সদস্য বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ছালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উদারনৈতিক চিন্তাধারা নিয়ে একটি মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। যেখানে ধর্ম, রাজনৈতিক মত কিংবা ব্যক্তিগত বিশ্বাসের কারণে কাউকে বৈষম্যের মুখোমুখি হতে হবে না।
অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি বলেন, সাংবাদিকদের নিজেদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্ত হয়ে পড়লে শুধু সংগঠন বা প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা থেকেই বঞ্চিত হওয়ার আশঙ্কা নয়, নাগরিক ও পেশাগত অধিকার আদায়েও বাধা তৈরি হতে পারে।
ছালেহ শিবলী বলেন, আগামী দিনগুলোতেও সাংবাদিকদের ঐক্য ধরে রাখা জরুরি। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে শেষ পর্যন্ত সাংবাদিকরাই ক্ষতিগ্রস্ত হবেন।
রাজনৈতিক পরিস্থিতি ও অপতথ্য নিয়ে উদ্বেগ
দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রেস সচিব বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। সেই সংঘাত এখনো শেষ হয়নি, বরং এর পরিধি আরও বিস্তৃত হয়েছে।
বিগত সরকারের সময়কার রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, বিরোধী মত দমনের প্রবণতা থেকে দেশে ঘৃণা ও প্রতিহিংসার সংস্কৃতি গড়ে উঠেছিল। গত ১৫ বছরে গুম ও হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীকে ঘিরে অপতথ্য ছড়ানোর অভিযোগ তুলে ছালেহ শিবলী বলেন, গত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি গুজব, গুঞ্জন ও বিভ্রান্তিকর তথ্যের শিকার হয়েছেন।
রাজনৈতিক বিশ্বাস যেন সাংবাদিকতার নিরপেক্ষতায় বাধা না হয়
সাংবাদিকদের রাজনৈতিক মতাদর্শ ও পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
তিনি বলেন, একজন সাংবাদিকের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ কিংবা কোনো দলের প্রতি সমর্থন থাকাকে অন্যায় বা অস্বাভাবিক হিসেবে দেখার সুযোগ নেই।
তার মতে, সাংবাদিকরা নিয়মিত দেশ-বিদেশের খবর অনুসরণ করেন, বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেন এবং সমাজের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করেন। ফলে রাজনৈতিক দল, মতাদর্শ ও বিভিন্ন ইস্যুতে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া স্বাভাবিক।
তবে ব্যক্তিগত বিশ্বাস যেন সত্য প্রকাশের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
ছালেহ শিবলী বলেন, কোনো বিষয়ে নিজের জানা, শোনা কিংবা ব্যক্তিগত পক্ষপাত যদি সত্য তুলে ধরার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে বুঝতে হবে ব্যক্তিগত বিশ্বাস সাংবাদিকতার দায়িত্বকে প্রভাবিত করছে।
তিনি জোর দিয়ে বলেন, সাংবাদিকের নিজস্ব রাজনৈতিক মত থাকতে পারে, কিন্তু সেই মতাদর্শ কখনোই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পথে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিমসহ সংগঠনের অন্য নেতারা।