ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনা, ভবন নির্মাণে বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করা এবং রাষ্ট্রীয় উদাসীনতার কারণে অগ্নিকাণ্ডে মানুষ সর্বস্ব হারাচ্ছে। এসব দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে সিটি কর্পোরেশনের কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব সিটি কর্পোরেশনের। কিন্তু এ ক্ষেত্রে প্রয়োজনীয় তদারকির ঘাটতি থাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
সাদিক কায়েম আরও বলেন, অগ্নিকাণ্ডের পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস স্টেশনগুলোতে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ফায়ার ফাইটারদের জন্য উন্নত প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা থাকা জরুরি। এসব ক্ষেত্রে ঘাটতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হচ্ছে, বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঝুঁকির মুখে পড়ছে ফায়ার ফাইটারদের জীবন। অগ্নিনির্বাপণের সময় অনেকে প্রাণ হারিয়েছেন, আবার অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর চকবাজারের মনসুর খান প্লাজায় সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সোমবার রাতে চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন ফায়ার ফাইটার আহত হওয়ার প্রসঙ্গ তুলে সাদিক কায়েম বলেন, প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি, উন্নত সরঞ্জাম ও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে অগ্নিনির্বাপণের মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে ফায়ার ফাইটারদের আহত ও নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফায়ার সার্ভিসকে আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জামে সজ্জিত করা, ফায়ার ফাইটারদের উন্নত প্রশিক্ষণ দেওয়া এবং পর্যাপ্ত জনবল নিশ্চিত করার মাধ্যমে অগ্নিকাণ্ড মোকাবিলায় সক্ষমতা বাড়াতে হবে।
নগরবাসীর উদ্দেশে সাদিক কায়েম বলেন, আগামীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব পেলে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার পাশাপাশি অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।